ডেইলি বাংলাগ্রাম

নির্বাচনের আগে নতুন নিরাপত্তা কৌশল প্রকাশ করলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন একটি জাতীয় নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক জোটের মানচিত্র প্রকাশ করেছেন।

নির্বাচনের আগে নতুন নিরাপত্তা কৌশল প্রকাশ করলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন একটি জাতীয় নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক জোটের মানচিত্র প্রকাশ করেছেন। এই নিরাপত্তা কৌশলে আগাম সামরিক হামলা, বাফার জোন বা নিয়ন্ত্রণরেখার বিস্তার এবং নতুন আঞ্চলিক অংশীদারত্ব গঠনের ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক অবস্থান শক্ত করতেই তিনি এই কৌশল নিয়েছেন।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সহায়তায় তৈরি এই নথিটি রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়। দেশটির সংসদ নির্বাচনের মাত্র নয় দিন আগে এটি সামনে আনা হলো। এতে হুমকি আটকে রাখার পুরনো কৌশলের বদলে আগাম সামরিক অভিযানের মাধ্যমে তা ধ্বংস করার নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশীদের ওপর ইসরায়েলের চালানো বিভিন্ন হামলায় এই নীতির প্রয়োগ দেখা গেছে।

বর্তমানে ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির মামলার বিচার চলছে। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিহত করতে না পারা এবং এর পরবর্তী যুদ্ধ পরিচালনার ধরন নিয়েও তিনি দেশের ভেতরে তীব্র সমালোচনার মুখে রয়েছেন।