হরমুজ প্রণালির অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান
হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান।
হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। সোমবার তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, ওয়াশিংটন ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সংঘাত এবং তাদের অর্থনৈতিক অবরোধই এই অঞ্চলের প্রধান সংকট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মস্কোর পক্ষ থেকে মধ্যস্থতার অংশ হিসেবে লাভরভ প্রথমবারের মতো তেহরান সফরে এলেন।
সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করবেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যে লাভরভ উল্লেখ করেন, এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করাই এখন মস্কোর প্রধান লক্ষ্য। এর আগে অক্টোবরের শুরুর দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছিলেন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয়। পরে এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে একটি সমঝোতা স্মারক সই হলেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা কমেনি। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান এই প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করে বিনা অনুমতিতে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রেখেছে, যার পাল্টা জবাব হিসেবে ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ জারি রেখেছে ওয়াশিংটন।