ডেইলি বাংলাগ্রাম

ইন্টেল-এএমডির আধিপত্যে ভাগ বসাল এনভিডিয়া, নতুন গ্রাহক এআই স্টার্টআপ মোডাল

ইন্টেল ও এএমডির দীর্ঘদিনের আধিপত্য থাকা সেন্ট্রাল প্রসেসর বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে এনভিডিয়া।

ইন্টেল-এএমডির আধিপত্যে ভাগ বসাল এনভিডিয়া, নতুন গ্রাহক এআই স্টার্টআপ মোডাল

ইন্টেল ও এএমডির দীর্ঘদিনের আধিপত্য থাকা সেন্ট্রাল প্রসেসর বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে এনভিডিয়া। দ্রুত বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ‘মোডাল’ প্রথমবারের মতো তাদের কার্যক্রমে এনভিডিয়ার নতুন ‘ভেরা’ প্রসেসর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ক্লাউড কম্পিউটিং সেবাদাতা এই প্রতিষ্ঠানটি এতদিন তাদের স্বয়ংক্রিয় এআই এজেন্ট পরিচালনার কাজে কেবল ইন্টেল ও এএমডির চিপ ব্যবহার করে আসছিল। তবে প্রাথমিক পরীক্ষায় এনভিডিয়ার নতুন চিপে দ্বিগুণ কর্মক্ষমতা পাওয়ায় মোডাল তাদের সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন এনে এটি যুক্ত করছে।

তবে আগের সরবরাহকারীদের একেবারে বাদ দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট করেছেন মোডালের প্রধান নির্বাহী এরিক বার্নহার্ডসন। তিনি জানান, তারা ইন্টেল, এএমডি ও এনভিডিয়া—সব প্রতিষ্ঠানের চিপই একসঙ্গে ব্যবহার করবেন। ফলে কাজের ধরন অনুযায়ী সবচেয়ে কার্যকর হার্ডওয়্যার বেছে নেওয়া সম্ভব হবে। সম্প্রতি অ্যাকসেলের নেতৃত্বে পরিচালিত এক ফান্ডিং রাউন্ডে মোডাল ৭৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে ১৫.৭৫ বিলিয়ন ডলারে। গত এক বছরে তাদের সেবার ব্যবহার তিন গুণ এবং আয় ১৫ গুণেরও বেশি বেড়েছে। আগামী বছর তাদের লক্ষ্য ১ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করা।

সেন্ট্রাল প্রসেসরের পুরো বাজারটিকে প্রায় ২০০ বিলিয়ন ডলারের একটি ক্ষেত্র হিসেবে দেখছে এনভিডিয়া। চলতি অর্থবছরে নতুন এই ভেরা চিপ বিক্রি করে অন্তত ২০ বিলিয়ন ডলার আয়ের আশা করছে প্রতিষ্ঠানটি। এনভিডিয়া জানিয়েছে, মোডাল ছাড়াও ওপেনএআই, অ্যানথ্রপিক, ওরাকল এবং পারপ্লেক্সিটির মতো শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলোও তাদের সিস্টেমে এই নতুন চিপ ব্যবহারের পরিকল্পনা করছে।