গাজায় বাণিজ্যিক পণ্য সরবরাহ ফের চালুর ঘোষণা ইসরায়েলের
হামাসের কর আদায় নিয়ে বিরোধের জেরে কয়েক দিন বন্ধ থাকার পর গাজায় বাণিজ্যিক পণ্য সরবরাহ পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইসরায়েল।
হামাসের কর আদায় নিয়ে বিরোধের জেরে কয়েক দিন বন্ধ থাকার পর গাজায় বাণিজ্যিক পণ্য সরবরাহ পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সামরিক সংস্থা সিওজিএটি জানায়, প্রতি ট্রাকে ১০ হাজার শেকেল (৩,২২৫ ডলার) ফি নেওয়ার দাবি হামাস প্রত্যাহার করেছে বলে ব্যবসায়ীরা তথ্য দিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির মানবিক শর্ত মেনে এই পণ্যবাহী ট্রাক চলাচল ধাপে ধাপে শুরু হবে। আসন্ন শীতকে সামনে রেখে খাদ্যসহ অন্যান্য জরুরি সামগ্রী পাঠানোকে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইসরায়েল জানিয়েছে, পণ্য সরবরাহের লেনদেনে নজরদারি আরও কঠোর করা হবে এবং সমস্ত অর্থ স্থানান্তর কেবল ব্যাংকের মাধ্যমে হতে হবে। হামাসকে কোনো অর্থ দেওয়া হয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সরবরাহ ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে। অন্যদিকে হামাসের দাবি, ১০ হাজার শেকেলের এই অর্থ কোনো কর নয়, বরং দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় গঠিত একটি জাতীয় তহবিলে সচ্ছল গাজাবাসীদের স্বেচ্ছাসেবী অনুদান।
দীর্ঘ যুদ্ধ ও নানা বিধিনিষেধের কারণে গাজার অধিকাংশ মানুষ এখনও ত্রাণের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সোমবার গাজা সিটি ও খান ইউনিসে পৃথক হামলায় ১৪ বছর বয়সী এক কিশোরসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ১,৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় নিজেদের চার সেনা নিহত হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে।