ডেইলি বাংলাগ্রাম

কানাডা থেকে আলাদা হওয়ার প্রশ্নে আলবার্টায় ঐতিহাসিক গণভোট

কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টায় সোমবার স্বাধীনতা প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

কানাডা থেকে আলাদা হওয়ার প্রশ্নে আলবার্টায় ঐতিহাসিক গণভোট

কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টায় সোমবার স্বাধীনতা প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই অঞ্চলের জনগণ কানাডার সঙ্গেই থাকবেন, নাকি আলাদা হয়ে যাবেন—তা জানতেই এই অনানুষ্ঠানিক ভোটের আয়োজন করা হয়েছে। এই প্রথম প্রদেশটিতে বিচ্ছেদের বিষয়টি জনগণের সিদ্ধান্তের ওপর ছাড়া হলো। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, আলবার্টার প্রায় ৭০ শতাংশ মানুষ কানাডায় থেকে যাওয়ার পক্ষে। অন্যদিকে প্রায় ২৫ শতাংশ বাসিন্দা একটি স্বাধীন আলবার্টা চান।

এই নির্বাচনে ভোটারদের আলাদা রঙের ব্যালটে মোট ১০টি প্রশ্ন করা হচ্ছে। এর মধ্যে দশম প্রশ্নে রাখা হয়েছে বিচ্ছেদসংক্রান্ত বিষয়। এই প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়লে বাধ্যতামূলক গণভোটের আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। বাকি নয়টি প্রশ্নে অভিবাসন, স্বাস্থ্য, শিক্ষা এবং ভোটার শনাক্তকরণ নিয়ে মতামত চাওয়া হয়েছে। সোমবার ভোটগ্রহণ শেষে হাতে ব্যালট গণনা করা হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল জানা যাবে। তবে ফলাফল বিচ্ছেদের পক্ষে গেলেও তাৎক্ষণিকভাবে স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। কারণ দেশটির আইন অনুযায়ী কোনো প্রদেশের একক সিদ্ধান্তে কানাডা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই।

বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘদিনের প্রচারণার মুখে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ মে মাসে এই গণভোটের ঘোষণা দেন। তবে তিনি নিজে কানাডায় থাকার পক্ষে অগ্রিম ভোট দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কার্নি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে আলবার্টাকে ফেডারেশনের অংশ হিসেবে রাখার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এছাড়া স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোও নিজেদের অধিকারের প্রশ্নে স্বাধীন আলবার্টার উদ্যোগের বিরোধিতা করছে। এর আগে কানাডার কুইবেক প্রদেশে ১৯৮০ এবং ১৯৯৫ সালে স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তবে দুইবারই জনগণ কানাডায় থাকার পক্ষে রায় দেয়।