চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করছে গোয়েন্দারা, ছাড় নয়: আইজিপি
মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে অপরাধীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, ডিজিএফআই, এনএসআই ও পুলিশের বিশেষ শাখা (এসবি) যৌথভাবে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তারা যাতে দীর্ঘ মেয়াদে জামিন না পায়, সে বিষয়টি আদালত নিশ্চিত করবেন। মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সন্তানদের গতিবিধি ও সঙ্গীদের ওপর নজর রাখতে অভিভাবকদের প্রতিও তিনি আহ্বান জানান।
আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি নেই জানিয়ে পুলিশ প্রধান বলেন, কুচক্রী মহলের যে কোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। পরিদর্শনের সময় ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং আমলাপাড়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা উপস্থিত ছিলেন।