আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়া সাবেক এসআই আবজালুল কারামুক্ত
ঢাকার সাভারের আশুলিয়ায় জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর মামলায় খালাস পাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা আবজালুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
ঢাকার সাভারের আশুলিয়ায় জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর মামলায় খালাস পাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা আবজালুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত ১৩ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি ছাড়া পান। কাশিমপুর কারাগারের জেলার আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আশুলিয়া থানার সাবেক এই উপপরিদর্শক আলোচিত মামলাটিতে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত মামলার আসামিদের মধ্যে তিনিই প্রথম খালাস পেলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে গুলি করার পর তাদের মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের মধ্যে গুরুতর আহত একজনকে জীবিত অবস্থাতেই পুড়িয়ে মারা হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন, আস-সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী ও আবুল হোসেন। এই অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করেন। আদালত রাজসাক্ষী শেখ আবজালুল হককে ক্ষমা করে খালাসের আদেশ দেন।
একই মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ, সাবেক এসআই আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া। এ ছাড়া পুলিশের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক এসপি মো. আসাদুজ্জামান রিপনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।