ডেইলি বাংলাগ্রাম

নয় মাসে রাজনৈতিক ও মব সহিংসতায় প্রাণ গেল ২৬০ জনের

চলতি বছরের প্রথম নয় মাসে দেশজুড়ে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন।

নয় মাসে রাজনৈতিক ও মব সহিংসতায় প্রাণ গেল ২৬০ জনের

চলতি বছরের প্রথম নয় মাসে দেশজুড়ে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন। এ সময়ে বিভিন্ন দলের নেতাকর্মীসহ আহত হয়েছেন ৬ হাজার ৪৭৩ জনের বেশি মানুষ। একই মেয়াদে নানা অভিযোগে গণপিটুনি বা মব সহিংসতার শিকার হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে এবং এতে আহত হয়েছেন ৪০১ জন।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে ৯৩১টি বা প্রায় ৯১ শতাংশ সংঘাতই ছিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দলটির সঙ্গে অন্যদের বিরোধের জেরে। এসব সহিংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে বিএনপির ৪৬ জন, জামায়াতে ইসলামীর ৮ জন ও আওয়ামী লীগের ৬ জন রয়েছেন। এছাড়া জাতীয় ও স্থানীয় নির্বাচন ঘিরে ঘটা ৪০২টি ঘটনায় ১৩ জন নিহত এবং ২ হাজার ৬২৩ জন আহত হন। আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বে সহস্রাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

একই সময়ে নিরাপত্তা বাহিনীর হেফাজতে ও কথিত বন্দুকযুদ্ধে অন্তত ১৭ জন এবং কারাগারে ৯৫ জন বন্দির মৃত্যু হয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে ৫১৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এছাড়া এই নয় মাসে ৬৫৭ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হন এবং নির্যাতনে প্রাণ হারায় ৪৯৪ শিশু। পাশাপাশি সীমান্তে বিএসএফের হামলায় ১৩ জন বাংলাদেশি নিহত এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনায় ৩৯০ জন শ্রমিকের মৃত্যু নথিবদ্ধ হয়েছে।