ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল ঘুরে দেখলেন নৌপ্রতিমন্ত্রী
উপকূল ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয়।
উপকূল ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে 'ইমপ্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল' পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর পার্ক ঘাটে রাখা এই হাসপাতালটি তিনি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের নাক-কান-গলা, চোখ ও অর্থোপেডিক বিভাগসহ বিভিন্ন বিশেষায়িত কার্যক্রম ঘুরে দেখেন। সে সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে তিনি কথা বলেন এবং সেবার বিষয়ে খোঁজখবর নেন। প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগের প্রশংসাও করেন তিনি।
একই দিন দুপুরে নারায়ণগঞ্জের প্রাণ-আরএফএল কারখানায় যান প্রতিমন্ত্রী। সেখানে বৃত্তাকার নৌপথে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে তৈরি একটি ওয়াটারবাসের মডেল দেখেন তিনি। রাজিব আহসান জানান, নগর যাতায়াতে পরিবেশবান্ধব নৌযান চালু করলে সড়কের ওপর চাপ কমে আসবে। যাত্রীসেবার মান বাড়াতে নৌপথ আধুনিকায়নের কাজ সরকার চালু রাখবে বলেও তিনি উল্লেখ করেন।