ডেইলি বাংলাগ্রাম

পুরোনো সংবিধান রক্ষার জন্য গণ-অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান

বিদ্যমান সংবিধান বহাল রাখা কিংবা বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান ঘটেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

পুরোনো সংবিধান রক্ষার জন্য গণ-অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান

বিদ্যমান সংবিধান বহাল রাখা কিংবা বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান ঘটেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, গণভোটে মানুষ জুলাই সনদের পক্ষে সমর্থন জানালেও সরকার পুরোনো কর্তৃত্ববাদী ব্যবস্থাকেই রক্ষা করার চেষ্টা করছে। জনগণের রায় ও প্রত্যাশা বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হবে বলেও তিনি সতর্ক করেন।

সংবিধান সংস্কার নিয়ে ক্ষোভ জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, সব দলের ঐকমত্য এবং গণভোটের রায়কে সংসদের প্রথম অধিবেশনেই উপেক্ষা করা হয়েছে। জুলাই সনদের অঙ্গীকার অনুসারে সংসদ সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু তা মানা হয়নি। অতীতে কর্তৃত্ববাদী শাসনে ব্যবহৃত বিভিন্ন উপাদান সরকার এখনও রেখে দিতে চাইছে বলে তিনি অভিযোগ তোলেন। এমনকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর করার বিষয়ে সবাই একমত হলেও এখন তা বাতিলের পাঁয়তারা চলছে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর গঠিত সরকারের কাছে নতুন ধারায় দেশ পরিচালনার আশা থাকলেও পুরোনো পরিস্থিতিই ফিরে এসেছে। মতপ্রকাশের সুযোগ কিছুটা তৈরি হলেও রাষ্ট্রে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো মৌলিক সমাধান হয়নি। মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা না করেই গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। তিনি অবিলম্বে দেশকে সংস্কারের সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।