অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছর কারাদণ্ড
আন্তর্জাতিক কল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে ২২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আন্তর্জাতিক কল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে ২২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৯২৬ কোটি টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন অর্থ পাচার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় এই রায় ঘোষণা করেন। রায় দেওয়ার সময় দুই আসামিই পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা জারি করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ টাকার বেশি পাচারের দায়ে এই দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ পাচারের ধারায় দুই আসামিকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৯২৬ কোটি ৭৪ লাখ টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়। এ অর্থ না দিলে তাঁদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাঁদের আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের সম্পত্তি রাষ্ট্র বাজেয়াপ্ত করবে বলে আদেশে জানানো হয়।
২০২২ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলাটি করে। এরপর ২০২৫ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে মোট আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ৫ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছিল। দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম আদালতের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।