ঐতিহাসিক পানাম নগরী ও কারুপল্লি ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার সকালে পরিবার ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি প্রাচীন এই নগরীতে যান। সেখানে বিভিন্ন স্থাপনা দেখার পাশাপাশি তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে গিয়ে ঐতিহ্যবাহী নকশিকাঁথা ও জামদানি শাড়ির বুনন দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে রাষ্ট্রদূত পানাম নগরীতে আসেন এবং ৩৩ নম্বর ভবন থেকে পরিদর্শন শুরু করেন। নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ জানান। এরপর সকাল নয়টায় তিনি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লি ও জামদানি পল্লিতে যান। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, কারিগরদের নিখুঁত কাজ দেখে রাষ্ট্রদূত অভিভূত হয়েছেন এবং পুনরায় এখানে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সময়ের স্বল্পতার কারণে তিনি জাদুঘর ও বড় সরদারবাড়িতে যেতে পারেননি।
সফরকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন ও ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী উপস্থিত ছিলেন। এ ছাড়া সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।