চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জানিয়ে প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাব
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে আলাদা একটি উপজেলা গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে আলাদা একটি উপজেলা গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সোমবার সচিবালয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাবনা জমা দেন।
বৈঠকে সংসদ সদস্য চর ও দিয়াড় অঞ্চলের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন। তিনি জানান, পৃথক উপজেলা হলে প্রশাসনিক সেবা সাধারণ মানুষের নাগালে আসবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন গতি পাবে। প্রস্তাবটি পাওয়ার পর প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং অবিলম্বে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ প্রদান করেন।
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এই পদক্ষেপ গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি এই সাতটি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন।