মিরসরাই থেকে গ্রেপ্তার হলেন রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার আসামি শুটার লেলিন
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটের মামলার আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটের মামলার আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিবির উপকমিশনার মোহাম্মদ রাকিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলী থানার বি-ব্লক এলাকার বাসিন্দা লেলিনের বাবার নাম আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। শাহ আলী থানায় হওয়া মামলার তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া মিরপুর এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জনকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের বড় অংশই স্থানীয় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ৪০ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে।