প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ, আবেদন শুরু ২৫ অক্টোবর
প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৬ সালের এসএসসি এবং ২০২৫ সালের এইচএসসি ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
আবেদনকারী শিক্ষার্থীর পিতা বা মাতাকে বিএমইটির বহির্গমন ছাড়পত্রপ্রাপ্ত বা ওয়েজ আর্নার্স বোর্ডের সদস্য হতে হবে। একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ দুই সন্তান বৃত্তির জন্য যোগ্য বিবেচিত হবেন। ফলাফলের ক্ষেত্রে ২০২৬ সালের এসএসসিতে বিজ্ঞানে ন্যূনতম জিপিএ-৫ এবং অন্য দুই বিভাগে জিপিএ-৪.৭৫ থাকতে হবে। ২০২৫ সালের এইচএসসিতে বিজ্ঞানের জন্য জিপিএ-৪.৮০ ও অন্য বিভাগে জিপিএ-৪.৫০ প্রয়োজন। তবে প্রবাসে মারা যাওয়া কর্মীদের সন্তানদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ থাকলে চলবে। এ ছাড়া ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের জিপিএ-৩.২৫ ও মৃত কর্মীদের সন্তানদের জিপিএ-৩ থাকতে হবে।
শিক্ষাক্রমভেদে এই বৃত্তির মেয়াদ দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব তফসিলি ব্যাংক হিসাবের বিবরণ দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে (https://portal.wewb.gov.bd) আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য দেশের ভেতরে ১৬১৩৫ ও প্রবাস থেকে +৮৮০৯৬১০২০৩০৩০ নম্বরে এবং জেলা প্রবাসী কল্যাণ সেন্টারে যোগাযোগ করা যাবে।