ডেইলি বাংলাগ্রাম

চীনে সেপ্টেম্বরে শিল্প উৎপাদন ও খুচরা বিক্রির প্রবৃদ্ধি প্রত্যাশা ছাড়াল

চীনে গত সেপ্টেম্বর মাসে শিল্প উৎপাদন এবং খুচরা বিক্রির প্রবৃদ্ধি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

চীনে সেপ্টেম্বরে শিল্প উৎপাদন ও খুচরা বিক্রির প্রবৃদ্ধি প্রত্যাশা ছাড়াল

চীনে গত সেপ্টেম্বর মাসে শিল্প উৎপাদন এবং খুচরা বিক্রির প্রবৃদ্ধি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। দেশটিতে বার্ষিক ভিত্তিতে শিল্প উৎপাদন বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ। এই হার আগস্ট মাসের ৫ দশমিক ২ শতাংশ এবং পূর্বাভাস দেওয়া ৫ দশমিক ৪ শতাংশের চেয়ে বেশি। একই সময়ে খুচরা বিক্রি বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। আগস্টে এই হার ছিল শূন্য দশমিক ৪ শতাংশ এবং সেপ্টেম্বরে শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস ছিল।

মাসিক হিসাবে শিল্প উৎপাদন বেড়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ। ফলে চলতি বছরের প্রথম নয় মাসে শিল্প খাতের সামগ্রিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ৩ শতাংশে। সেপ্টেম্বরে উৎপাদন খাত ৬ শতাংশ এবং খনিজ খাত ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি গ্যাস ও পানি সরবরাহ খাতে উৎপাদন ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। কম্পিউটার ও ইলেকট্রনিক্স সরঞ্জামে ১৬ দশমিক ৪ শতাংশ এবং বিশেষ যন্ত্রপাতিতে ১২ দশমিক ১ শতাংশ অগ্রগতি হয়েছে। মোটরগাড়ি উৎপাদন খাতে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। পরিবেশবান্ধব গাড়ির উৎপাদন ১৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৮ লাখ ৭০ হাজার ইউনিটে পৌঁছালেও সামগ্রিক গাড়ি উৎপাদন ৫ দশমিক ৭ শতাংশ কমে ৩০ লাখ ৬০ হাজার ইউনিটে নেমেছে।

অন্য দিকে সেপ্টেম্বর মাসে চীনে খুচরা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার কোটি ইউয়ানে, যা আগের মাসের চেয়ে শূন্য দশমিক ৩৫ শতাংশ বেশি। গাড়ি ব্যতীত খুচরা বিক্রি ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ লাখ ৮৮ হাজার কোটি ইউয়ান বা ৫৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট খুচরা বিক্রির পরিমাণ ছিল ৩৭ লাখ কোটি ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ১ শতাংশ বেশি। এই নয় মাসে পণ্য বিক্রি বেড়েছে ১ শতাংশ এবং ক্যাটারিং খাতের আয় বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।