ডেইলি বাংলাগ্রাম

নাইজেরিয়ার প্লাটো রাজ্যে ১১ হাজার যক্ষ্মা রোগী শনাক্তের অনুমান

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলীয় প্লাটো রাজ্যে ২০২৬ সালে আনুমানিক ১১ হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নাইজেরিয়ার প্লাটো রাজ্যে ১১ হাজার যক্ষ্মা রোগী শনাক্তের অনুমান

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলীয় প্লাটো রাজ্যে ২০২৬ সালে আনুমানিক ১১ হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে শনাক্ত হওয়া ২ হাজার ৪৭ জন রোগীকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। রাজ্য যক্ষ্মা কর্মসূচির পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা ইয়োহান্না বট রোববার সন্ধ্যায় রাজধানী জোসে এক সভায় এই তথ্য জানান।

প্রতি এক লাখ মানুষের মধ্যে ২১৯ জন আক্রান্ত হওয়ার হারের ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে। অতিরিক্ত জনঘনত্ব, অপুষ্টি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে বায়ুবাহিত এই রোগটি দ্রুত ছড়াচ্ছে। পাঁচ বছরের কম বয়সী শিশু, বয়োবৃদ্ধ এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা এতে বেশি ঝুঁকিতে রয়েছেন। এছাড়া সামাজিক কুসংস্কার এবং সহিংসতার কারণে মাঙ্গু, জোস সাউথ ও বারকিন লাদি এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে রোগী শনাক্ত ও চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যকর্মীরা বর্তমানে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির এবং কারাগারগুলোতে বিশেষ পরীক্ষা চালাচ্ছেন। তবে ওষুধ সরবরাহে ব্যাঘাত এবং গ্লোবাল ফান্ডের মতো আন্তর্জাতিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতার ফলে যক্ষ্মাবিরোধী ওষুধের সংকট দেখা দিয়েছে। নাইজেরিয়া উচ্চ যক্ষ্মাপ্রবণ দেশগুলোর একটি হওয়ায় দেরিতে রোগ নির্ণয় ও ওষুধের অভাব এর বিস্তার রোধে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।