‘জমি দখল বা চাঁদাবাজি করতে যাইনি’: পদত্যাগের পর ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশরাক হোসেন।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর দুইটায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই সিদ্ধান্ত জানান। সাম্প্রতিক অভিযানের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, কোনো জমি দখল কিংবা চাঁদাবাজির উদ্দেশ্যে তিনি সেখানে যাননি। কেবল মাদকের বিরুদ্ধে লড়াই করতেই তিনি গেন্ডারিয়ায় গিয়েছিলেন।
ইশরাক হোসেন জানান, বিশেষ পরিস্থিতিতে এবং দলীয় ইচ্ছার বাইরে গিয়ে তিনি মন্ত্রিত্ব ছাড়ার পদক্ষেপ নিয়েছেন। দল না চাইলেও পদত্যাগের এই সিদ্ধান্ত একান্তই তার নিজের। এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে একটি মাদকবিরোধী অভিযানে তিনি উপস্থিত ছিলেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়।
এর আগে রবিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। তবে ওই দিন রাতে ছড়িয়ে পড়া সেই তথ্যকে নিছক গুঞ্জন বলে দাবি করেছিলেন ইশরাক হোসেন।