সর্বজনীন পেনশনের গ্রাহকদের হিসাবে যুক্ত হলো বিনিয়োগের মুনাফা
সর্বজনীন পেনশন স্কিমে জমা অর্থের ওপর অর্জিত মুনাফা গ্রাহকদের মাঝে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
সর্বজনীন পেনশন স্কিমে জমা অর্থের ওপর অর্জিত মুনাফা গ্রাহকদের মাঝে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ২০২৫-২০২৬ অর্থবছরে বিনিয়োগের বিপরীতে এই লাভ অর্জিত হয়। এতে বিনিয়োগ থেকে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া গেছে। সোমবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচ্য অর্থবছরে পেনশন স্কিমের বিনিয়োগ করা অর্থ থেকে সর্বমোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা আয় হয়েছে। পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই অর্থ বণ্টনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। আইন ও বিধি অনুযায়ী গ্রাহকের জমার পরিমাণ এবং সময়কালের ওপর ভিত্তি করে লভ্যাংশ ইতোমধ্যে প্রত্যেকের পেনশন বা করপাস হিসাবে যুক্ত করা হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানান, গ্রাহকদের জমার সর্বোচ্চ নিরাপত্তা ও ন্যায্য মুনাফা দিতে তারা কাজ করছেন। এতে পেনশন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা আরও জোরদার হবে। তিনি আরও বলেন, এই মুনাফা পাওয়ার ফলে গ্রাহকেরা সরাসরি লাভবান হবেন এবং পুরো কার্যক্রম আরও গতিশীল হবে।