২০৩৫ সালের মধ্যে অতি-প্রবীণদের শহরে পরিণত হতে পারে বেইজিং
চীনের রাজধানী বেইজিং ২০৩৫ সালের মধ্যে অতি-প্রবীণদের শহরে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
চীনের রাজধানী বেইজিং ২০৩৫ সালের মধ্যে অতি-প্রবীণদের শহরে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই সময় নাগাদ শহরটির প্রতি তিনজনের মধ্যে একজনের বয়স ৬০ বছর বা তার বেশি হবে। সরকারি হিসাব অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ বেইজিংয়ে ৬০ বছর ও তদূর্ধ্ব স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল ৫২ লাখ ৯০ হাজার, যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ প্রবীণদের সহায়তা বাড়াচ্ছে এবং মূল পেনশনের পরিমাণ বৃদ্ধি করছে। জাতীয় পর্যায়ে ২০২২ সাল থেকে চীনের জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। বিপুলসংখ্যক মানুষ কর্মক্ষেত্র ছেড়ে অবসরে যাওয়ায় পেনশন তহবিলের ওপর চাপ তৈরি হচ্ছে। বিষয়টি অভ্যন্তরীণ ভোগব্যয় বৃদ্ধি এবং ঋণ নিয়ন্ত্রণের সরকারি পরিকল্পনাকে জটিল করে তুলছে।
জনসংখ্যা পরিকল্পনাকে দেশটির অর্থনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জন্মহার বাড়াতে এ বছর সরকারের সম্ভাব্য ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮০ বিলিয়ন ইউয়ান (২ হাজার ৬৯২ কোটি মার্কিন ডলার)। বিশ্লেষকদের মতে, বর্তমানে জন্মহার কমে যাওয়ার কারণে ভবিষ্যতে পরিবারের সংখ্যা হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভোগব্যয় বৃদ্ধির গতিও মন্থর হয়ে পড়বে।