ডেইলি বাংলাগ্রাম

ছেঁউড়িয়ায় লালনের আখড়ায় টাইম বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়, নিরাপত্তায় বিজিবি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করা হয়েছে।

ছেঁউড়িয়ায় লালনের আখড়ায় টাইম বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়, নিরাপত্তায় বিজিবি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। পরবর্তীতে সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিষ্ক্রিয় করে। তিরোধান দিবসের আয়োজন চলাকালে এ ঘটনার পর পুরো আখড়াবাড়িতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে প্রধান ফটকের কাছে একটি নারকেলগাছের নিচে সাদা রঙের সন্দেহভাজন ব্যাগটি দেখা যায়। জায়গাটির পাশেই পুলিশ বক্স ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নেয় এবং আখড়ায় অবস্থানরত সাধু-ভক্তদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। সকালে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে। এরপরই বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

গত শনিবার থেকে শুরু হওয়া লালন শাহর তিন দিনব্যাপী তিরোধান দিবসের অনুষ্ঠান সোমবার রাতে শেষ হওয়ার কথা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আখড়াবাড়ির সব প্রবেশপথ ও আশপাশের এলাকায় চালানো হচ্ছে তল্লাশি। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ভীতি ছড়াতে কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং ঘটনার পেছনের ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।