বিরোধিতার খাতিরে বিরোধিতা না করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধীদল কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধীদল কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা করে যাচ্ছে। তবে বিরোধিতার নামে স্বৈরাচারের ফেরার পথ তৈরি করা হলে তা দেশের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে। এটি জুলাইয়ের শহীদ এবং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করার শামিল হবে। সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিরোধীদলের নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে তাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সরকারের মঞ্চে বসার আপত্তি থাকলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পাশে তাদের বসা উচিত ছিল। তিনি মনে করিয়ে দেন, এই মানুষগুলোর আত্মত্যাগের ফলেই তারা বিরোধীদলের আসন পেয়েছেন। সেই শহীদ পরিবারের পাশে থাকলে বোঝা যেত যে তারাও বিএনপির মতো জুলাইকে ধারণ করে।
দোষারোপের রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ বিরোধীদল ও সরকার উভয়কেই দায়িত্ব দিয়েছে। কেবল বিরোধীদলই জনগণের প্রতিনিধি আর সরকার মানুষের স্বার্থ দেখছে না—এমন মনোভাব দূর করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্যই কাজ করে যাচ্ছে।