বিশ্বে সবচেয়ে বেশি সরকারি ছুটি থাকা দেশগুলোর তালিকায় পঞ্চমে বাংলাদেশ
বিশ্বজুড়ে সরকারি ছুটির সংখ্যা বিবেচনায় শীর্ষ দেশগুলোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।
বিশ্বজুড়ে সরকারি ছুটির সংখ্যা বিবেচনায় শীর্ষ দেশগুলোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ছুটি থাকা প্রথম দশটি দেশের মধ্যে এশিয়ার দেশগুলোর প্রাধান্য সবচেয়ে বেশি। এই তালিকায় বছরে সর্বোচ্চ ৩৫ দিন সরকারি ছুটি নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপাল। অন্যদিকে বছরে ২২ দিনের ছুটি নিয়ে বাংলাদেশ রয়েছে পঞ্চম অবস্থানে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইরানে বছরে ছুটি থাকে ২৬ দিন। এরপর যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মিয়ানমার এবং শ্রীলঙ্কা। এই দুই দেশে বছরে সরকারি ছুটি থাকে ২৫ দিন করে। পঞ্চম স্থানে থাকা বাংলাদেশে জাতীয়, ধর্মীয় ও সাংস্কৃতিক নানা উপলক্ষ মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। এছাড়া বিভিন্ন সময় নির্বাহী আদেশেও ছুটির সংখ্যা বৃদ্ধি পায়।
তালিকায় বছরে ২১ দিন করে ছুটি নিয়ে পরবর্তী দুই স্থানে রয়েছে কম্বোডিয়া ও ভারত। এছাড়া ২০ দিন করে সরকারি ছুটি নিয়ে তালিকার শেষ তিনটি অবস্থানে রয়েছে লিশটেনস্টাইন, চিলি এবং ম্যাকাও। মূলত নিজ নিজ দেশের জাতীয় দিবস এবং ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলোর কারণেই এসব দেশে ছুটির তালিকা দীর্ঘ হয়েছে।