ডেইলি বাংলাগ্রাম

তারেক রহমানের সাক্ষাৎ না পেয়ে ক্ষুব্ধ সাত কলেজ ছাত্রদল নেতারা

বিগত ১৭ বছরের আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পরও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ পাননি রাজধানীর সাত কলেজ ছাত্রদলের শীর্ষ নেতারা।

তারেক রহমানের সাক্ষাৎ না পেয়ে ক্ষুব্ধ সাত কলেজ ছাত্রদল নেতারা

বিগত ১৭ বছরের আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পরও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ পাননি রাজধানীর সাত কলেজ ছাত্রদলের শীর্ষ নেতারা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতারা তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেলেও সাত কলেজের প্রতিনিধিরা বঞ্চিত হয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির বিভিন্ন স্তরের নেতারা।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম ফেসবুকে প্রশ্ন তোলেন, ঢাবির বাইরের ইউনিটের কর্মীদের কি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার অধিকার নেই? তাঁর সেই পোস্টে তিতুমীর কলেজের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম উদ্দীন মন্তব্য করেন, ৫ আগস্টের পর ঢাবির ৩৩৬ নম্বর সদস্যও দেখা করার সুযোগ পেলেও তাঁরা সারা জীবন রাজপথে থেকেও সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। একই কলেজের সাবেক আহ্বায়ক সদস্য আল আমিন হোসেন জুয়েল নিজেদের ‘ভাড়া খাটা গোলাম’ বলে উল্লেখ করেন। পাশাপাশি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রুবেল ঢাবির কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানান।

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন জানান, গত ১৬ জুলাই ঢাবি বন্ধ হওয়ার পর তাঁরাই ঢাকার বড় একটি অংশে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ১৯ জুলাই কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সামনে তিনি গুলিবিদ্ধ হন এবং এখনো পুরোপুরি সুস্থ হননি। সাত কলেজ ছাত্রদল নেতাদের অভিযোগ, রাজপথে চরম ত্যাগ স্বীকার করার পরও কেন্দ্রীয় নেতৃত্ব বারবার একটি নির্দিষ্ট ইউনিটকে প্রাধান্য দিয়ে সাত কলেজের মতো ‘সুপার ইউনিট’গুলোকে অবমূল্যায়ন করছে। এতে তৃণমূলের ত্যাগী কর্মীদের মধ্যে গভীর হতাশা তৈরি হচ্ছে।