অসাধু এজেন্টদের দৌরাত্ম্য কমাতে ভিসা পদ্ধতিতে সংস্কার চলছে: ভারতীয় উপহাইকমিশনার
বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার ভোগান্তি কমাতে আবেদন পদ্ধতিতে নানা পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের উপহাইকমিশনার পাওয়ান বাধে।
বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার ভোগান্তি কমাতে আবেদন পদ্ধতিতে নানা পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের উপহাইকমিশনার পাওয়ান বাধে। আজ রোববার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, কিছু অসাধু এজেন্ট নিজেদের সুবিধার জন্য আগেভাগেই ভিসার স্লট আটকে রাখে। এতে সাধারণ মানুষ নির্ধারিত সময়ে আবেদন করতে না পেরে ওইসব এজেন্টের ওপর নির্ভরশীল হতে বাধ্য হন।
এই সমস্যা দূর করতে ভিসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে বলে জানান পাওয়ান বাধে। তিনি বলেন, আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে নতুন প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যাতে মানুষ সরাসরি আবেদন করতে পারেন। এর সুবাদে গত কয়েক মাসে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং অনেকেই এখন মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি ভিসা পাচ্ছেন। পরিদর্শনকালে তিনি দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন এবং কুমুদিনী হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করেন।
এর আগে সন্ধ্যায় কুমুদিনী ক্যাম্পাসে পৌঁছালে পাওয়ান বাধেকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মহাবীর পতি চন্দন। উপহাইকমিশনার কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপে যান এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের আরতি উপভোগ করেন। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতী সাহা, অধ্যক্ষ আবদুল হালিম, উপপরিচালক অনিমেষ ভৌমিক ও পরিচালক প্রদীপ কুমার রায় উপস্থিত ছিলেন।