বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট চালুর তাগিদ বিশেষজ্ঞদের
ক্যানসার গবেষণা ও চিকিৎসাব্যবস্থার মান বাড়াতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।
ক্যানসার গবেষণা ও চিকিৎসাব্যবস্থার মান বাড়াতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ‘অ্যাডভান্সিং ক্যান্সার এডুকেশন, রিসার্চ অ্যান্ড কেয়ার: বিএমইউ’স ভিশন অ্যান্ড লিডারশিপ’ শীর্ষক এ বৈঠকের যৌথ আয়োজন করে বিভাগটি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, প্রতিষ্ঠানটিতে ক্যানসার বিষয়ক শিক্ষা, গবেষণা ও সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রয়োজন। এর মাধ্যমে বিভিন্ন বিশেষায়িত বিভাগের মধ্যে সমন্বয় তৈরি হবে এবং উচ্চতর শিক্ষা ও উদ্ভাবনের পথ সুগম হবে। ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন রোগ নির্ণয় ও চিকিৎসার মান বাড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত ভূমিকার ওপর জোর দেন। এ ছাড়া চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনবল ও প্রযুক্তিবিদ তৈরির তাগিদ দেন বক্তারা।
বৈঠকে ক্যানসার নিয়ন্ত্রণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, এইচপিভি টিকাদান, স্ক্রিনিং ও তামাক নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দেশে ক্যানসার পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়নের জন্য জনসংখ্যাভিত্তিক নিবন্ধনব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক, ওষুধশিল্পের প্রতিনিধি এবং বিএইচআরএফের সভাপতি প্রতীক এজাজ ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম শুভ বক্তব্য দেন। উল্লেখ্য, ২০০৫ সালের ১৯ অক্টোবর যাত্রা শুরু করা বিএমইউর এই বিভাগটি দীর্ঘ দিন ধরে আধুনিক চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ তৈরিতে কাজ করে আসছে।