গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে অধ্যাদেশের খসড়া অনুমোদন
আগামী গ্রীষ্ম শুরুর আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার।
আগামী গ্রীষ্ম শুরুর আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে এবং বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক বাণিজ্য বিষয়ক আন্তর্জাতিক ‘রটারডাম কনভেনশন’-এ যুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল বসাতে সরকার আকর্ষণীয় প্রণোদনা দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এসব প্যানেল বসবে বিনিয়োগকারীর নিজস্ব অর্থায়নে বা ‘ওপেক্স’ মডেলে। তবে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল রয়েছে, তারা দীর্ঘমেয়াদে লাভের জন্য নিজস্ব অর্থায়নে অর্থাৎ ‘ক্যাপেক্স’ মডেলেও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারবে।
সচিব আরও উল্লেখ করেন, ওপেক্স মডেলে দীর্ঘ ১৫ বছরের বিদ্যুৎ দর নির্ধারণ, ছাদ ব্যবহারের ক্ষতিপূরণ এবং রক্ষণাবেক্ষণ নিয়ে আগে সুনির্দিষ্ট কোনো আইন ছিল না। একই সঙ্গে ক্যাপেক্স মডেলেও বিভিন্ন আইনি জটিলতা বিদ্যমান ছিল। এসব আইনি ফাঁকফোকর দূর করতেই নতুন এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের চূড়ান্ত যাচাই শেষে এটি কার্যকর করা হবে।