আইসিজেতে রোহিঙ্গা মামলায় ওআইসির পূর্ণ সমর্থন
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান রোহিঙ্গা মামলার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান রোহিঙ্গা মামলার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সদস্য দেশগুলো আশা করে, এই আইনি লড়াই দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বড় ভূমিকা রাখবে। ইরাকের রাজধানী বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশন চলাকালে একটি পার্শ্ববৈঠকে এই অবস্থান স্পষ্ট করা হয়।
'রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা বিষয়ক ওআইসি মন্ত্রী পর্যায়ের অ্যাড-হক কমিটি'র সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও কমিটির সহ-সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বক্তব্য রাখেন। তিনি রোহিঙ্গা সংকটকে পুরো মুসলিম উম্মাহর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। এই সমস্যা মোকাবিলায় তিনি ওআইসির সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংকট নিরসনে মানবিক ও আইনি পদক্ষেপে সহায়তা বৃদ্ধির অনুরোধ জানান। একই সঙ্গে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তুলে ধরা পাঁচ দফা কর্মপরিকল্পনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।