মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলাকারীদের ধরতে ৭ দিনের সময় জামায়াতের
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা-এমসিএইচ-এফপি ক্লিনিক’ ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নেপথ্যের মদদদাতাদের শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা-এমসিএইচ-এফপি ক্লিনিক’ ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নেপথ্যের মদদদাতাদের শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অপরাধীদের ধরা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি এসেছে। রোববার বিকেলে মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এই আলটিমেটাম দেন।
সমাবেশে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মা ও শিশুদের চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনায় প্রভাবশালীরা মদদ দিচ্ছে। তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশ ও লুট হওয়া ওষুধ ফেরত দেওয়ার দাবি তোলেন। সরকার ব্যর্থ হলে নাগরিক সমাজের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথাও জানান তিনি। অন্যদিকে সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ হামলাকারীদের ধরতে টালবাহানা করছে। তিনি অবিলম্বে অভিযুক্ত পাবেল, লেনিন, শুভ্র, রাসেল ও সজীবসহ মূল জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচিতে আরও বক্তব্য দেন শাহ আলম তুহিন, ডা. মঈন উদ্দিন, মনিরুল ইসলাম মৃধা ও জি এম হাফিজুর রহমান। বক্তারা ক্লিনিকের নিরাপত্তা জোরদার করা এবং সব ধরনের দখল ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আইনি কর্তৃত্ব স্পষ্ট করে একে একটি আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের দাবি তোলা হয়।