উখিয়ায় রিসোর্টে আগুন: নিহত ৩ জনের স্বজনের খোঁজ মেলেনি, গ্রেপ্তার ১
কক্সবাজারের উখিয়ার ‘টুপটুপ রিসোর্টে’ আগুনে পুড়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ার ‘টুপটুপ রিসোর্টে’ আগুনে পুড়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি। শনিবার সকালে ঘটা এই দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও তাঁদের পরিচয় মেলেনি। তবে বাকি সাতজনের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে। মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় পরিচয় পুরোপুরি নিশ্চিত করতে ডিএনএ নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
রোববার কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, স্বজনেরা প্রাথমিকভাবে সাতটি মরদেহ শনাক্ত করেছেন। তবে ডিএনএ পরীক্ষার ফল হাতে পাওয়ার পরই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকি তিনজনের স্বজনদের সন্ধান পাওয়া গেলে তাঁদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা পুলিশ ও ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত করতে পারেনি। ঘটনার তদন্ত চলছে।
এদিকে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে শনিবার রাতে মামলা করেছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মামলায় চারজনের নাম উল্লেখসহ ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে আটক রিসোর্ট ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগুনে নিহত ব্যক্তিদের বেশিরভাগই পর্যটক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।