পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক ও ফিলিস্তিনিদের ওপর হামলায় ইইউর তীব্র নিন্দা
অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক ও ফিলিস্তিনিদের ওপর সহিংস ইসরায়েলিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক ও ফিলিস্তিনিদের ওপর সহিংস ইসরায়েলিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই ঘটনার জন্য পূর্ণ জবাবদিহিতা এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে সংস্থাটি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন পুরোপুরি মেনে চলা এবং অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জানায়।
রামাল্লার পূর্বাঞ্চলীয় শহর তাইবেহের কাছে জলপাই সংগ্রহের মৌসুমে পরিদর্শনে যাওয়া একটি প্রতিনিধিদলের ওপর এই হামলার ঘটনা ঘটে। ওই দলে ফ্রান্স ও বেলজিয়ামের কনসাল, পোল্যান্ডের এক প্রতিনিধি এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে মুখোশধারী ইসরায়েলিরা তাদের মুখোমুখি হয় এবং বেলজিয়াম কনস্যুলেটের একটি গাড়ির কাচ ভেঙে দেয়। ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে, ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও অবস্থান পাঠানোর প্রায় তিন ঘণ্টা পর ইসরায়েলি সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
চলতি মাসের শুরুতে জলপাই মৌসুম শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর হামলার মাত্রা অনেকটাই বেড়ে গেছে। এ ঘটনায় ইসরায়েলের বিরোধী দল ‘ইসরায়েল বেইতেনু’র নেতা আভিগদোর লিবারম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রীদের কঠোর সমালোচনা করেন। হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার কারণে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে বলেও তিনি সতর্ক করে দেন।