ডেইলি বাংলাগ্রাম

দীর্ঘ ছয় বছর পর নতুন এআই স্মার্ট স্পিকার আনল গুগল

দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার বাজারে নিয়ে এসেছে গুগল।

দীর্ঘ ছয় বছর পর নতুন এআই স্মার্ট স্পিকার আনল গুগল

দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার বাজারে নিয়ে এসেছে গুগল। ১০০ মার্কিন ডলার মূল্যের নতুন এই 'গুগল হোম স্পিকার' মূলত পুরোনো নেস্ট স্পিকারগুলোর বিকল্প হিসেবে এসেছে। ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি 'জেমিনাই ফর হোম'। ফলে ব্যবহারকারীরা সহজে সরাসরি কথা বলে পুরো স্মার্ট হোম ব্যবস্থাপনা করতে পারবেন।

নতুন স্পিকারটির উচ্চতা ৩.৪ ইঞ্চি, ব্যাস ৪.২ ইঞ্চি এবং তারসহ এর ওজন শূন্য দশমিক ৯ পাউন্ড। শব্দের জন্য এতে রয়েছে ৫৮ মিলিমিটার ফুল-রেঞ্জ ড্রাইভার, যা চারদিকে ৩৬০ ডিগ্রি সাউন্ড সরবরাহ করে। সংযোগের জন্য রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪ ও থ্রেড ১.৩ প্রযুক্তি। এছাড়া কথা শোনার জন্য তিনটি দূরপাল্লার মাইক্রোফোন এবং সংযোগের জন্য ৩০ ওয়াটের ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। বেরি, পোরসেলিন, হ্যাজেল ও জেড—এই চার রঙে স্পিকারটি পাওয়া যাবে। গুগল হোম অ্যাপের মাধ্যমে পাঁচ মিনিটেরও কম সময়ে ডিভাইসটি প্রস্তুত করা যায়।

জেমিনাই প্রযুক্তির কল্যাণে এই স্পিকারের সাথে যেকোনো বিষয়ে কথোপকথন চালানো, ক্যালেন্ডারের তথ্য জানা কিংবা ঘরের বাতি নিয়ন্ত্রণ করা যায়। কথা বলার মাঝপথেই ব্যবহারকারী ডিভাইসটিকে থামিয়ে নতুন নির্দেশনা দিতে পারেন। পাশাপাশি ঘরের সার্বিক পরিস্থিতি জানতে বা নিরাপত্তা ক্যামেরার তথ্য দেখতে 'গুগল হোম প্রিমিয়াম' সেবা প্রয়োজন হবে। ছোট আকারের এই স্পিকারটি বেশ জোরালো শব্দ দিতে সক্ষম হলেও গান শোনার ক্ষেত্রে সাউন্ড কখনো কখনো কিছুটা কম গতিশীল মনে হতে পারে।