ডেইলি বাংলাগ্রাম

তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদ যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদ যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। তাঁর সঙ্গে ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ ছাড়াও দেশটির মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল থাকবে। গত ১১ বছরের মধ্যে মালদ্বীপের কোনো রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম পাকিস্তান সফর।

সফরকালে প্রেসিডেন্ট মুইজ্জু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে একান্ত ও প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক করবেন। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি, প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে। এছাড়া তিনি দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাঁর দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদারে এই সফরে ‘পাকিস্তান-মালদ্বীপ বিজনেস ফোরাম’ অনুষ্ঠিত হবে। ১৯৬৬ সালে শুরু হওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তির প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৫ সালের মে মাসে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান এসেছিলেন।