ডেইলি বাংলাগ্রাম

সৌদি আরবের সুরক্ষায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিল মিশর

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে মিশর।

সৌদি আরবের সুরক্ষায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিল মিশর

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে মিশর। রবিবার দেশটির জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি আরবের ওপর সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘোষণা এল।

কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মিশর জানায়, সৌদি আরবের জাতীয় নিরাপত্তা মূলত মিশর ও সমগ্র আরব বিশ্বের নিরাপত্তার সঙ্গে জড়িত। দেশটির সার্বভৌমত্ব রক্ষা এবং পবিত্র স্থানগুলোর সুরক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করে কায়রো। পাশাপাশি সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের কথাও বলা হয়।

উচ্চপর্যায়ের এই বৈঠকে মিশরের সংসদ স্পিকার, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও এতে অংশ নেন।