ডেইলি বাংলাগ্রাম

দক্ষিণ দারফুরে সেনাবাহিনীর বিমান হামলায় আরএসএফের ব্যাপক ক্ষয়ক্ষতি

সুদানের দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নায়ালায় দেশটির সেনাবাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দক্ষিণ দারফুরে সেনাবাহিনীর বিমান হামলায় আরএসএফের ব্যাপক ক্ষয়ক্ষতি

সুদানের দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নায়ালায় দেশটির সেনাবাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দারফুর আঞ্চলিক সরকার এই তথ্য জানিয়েছে। শুক্রবার পরিচালিত ওই হামলায় আরএসএফের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের একাধিক নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস হয়েছে। নায়ালা শহরটিকে আধাসামরিক এই বাহিনী তাদের অন্যতম প্রধান সামরিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।

দারফুর আঞ্চলিক সরকারের মুখপাত্র আহমেদ ইসহাক শানাব জানান, এই হামলা আরএসএফের জন্য অত্যন্ত মারাত্মক ছিল। এর ফলে তাদের জনবল ও সামরিক সরঞ্জামের বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, আরএসএফের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সীমান্তবর্তী এলাকা উম দাফুক পর্যন্ত তাদের তাড়া করা হবে। অন্যদিকে, আরএসএফ অভিযোগ করেছে যে শুক্রবার নায়ালার একটি পশুর বাজারে সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়ে সাধারণ মানুষকে হতাহত করেছে। তবে এই হামলায় প্রকৃত হতাহতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বর্তমানে দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যের বেশিরভাগ অংশ আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। কেবল উত্তর ও পশ্চিম দারফুরের কিছু অংশ এবং রাজধানী খার্তুমসহ অন্যান্য ১৩টি রাজ্যের অধিকাংশ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শুরু হওয়া এই লড়াইয়ে এ পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।