ওআইসির ইয়েমেন প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে আলোচিত ইয়েমেন সংক্রান্ত প্রস্তাবে ‘ন্যায্যতা ও ভারসাম্য’ বজায় না থাকলে তাতে সমর্থন দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে আলোচিত ইয়েমেন সংক্রান্ত প্রস্তাবে ‘ন্যায্যতা ও ভারসাম্য’ বজায় না থাকলে তাতে সমর্থন দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। রোববার ইরাকের রাজধানী বাগদাদে আয়োজিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। খসড়া নথিতে প্রয়োজনীয় ভারসাম্য না এলে ইরান এতে যুক্ত হতে পারবে না।
সম্মেলনের ফাঁকে আরাঘচি উল্লেখ করেন, ইয়েমেন পরিস্থিতি নিয়ে সৌদি আরবসহ বিভিন্ন দেশ নিজেদের মতামত তুলে ধরেছে এবং সদস্য দেশগুলোর একটি বড় অংশ সৌদির অবস্থানের কাছাকাছি রয়েছে। তবে তেহরান বিষয়টি নিয়ে অন্যান্য দেশের সঙ্গে বিস্তারিত আলোচনা করছে। উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিভিন্ন প্রদেশ দখল করার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে সামরিক হস্তক্ষেপ করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনকে একটি ‘সাত দিনের পরিকল্পনা’ দেওয়া হয়েছে এবং উভয় পক্ষ মতামত বিনিময় করছে। মার্কিন পক্ষ শর্ত পূরণ করলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে আলোচনা শুরু হবে। ৫৭ সদস্যের এই সংস্থায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি ফিলিস্তিন ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। বাগদাদে আয়োজিত এই ৫২তম অধিবেশনে তুরস্কের কাছ থেকে কাউন্সিলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ইরাক।