মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা দল থেকে বহিষ্কার
জামালপুরের মেলান্দহে ৮৩টি ইয়াবাসহ গ্রেপ্তারের পর হোসেন আলী নামের এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
জামালপুরের মেলান্দহে ৮৩টি ইয়াবাসহ গ্রেপ্তারের পর হোসেন আলী নামের এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। শনিবার রাতে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান ওই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জানান, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনের নিয়ম ভাঙলে দল কারও অপকর্মের দায়ভার গ্রহণ করবে না।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশ গত শুক্রবার রাতে ফুলকোচা এলাকায় অভিযান চালায়। সেখানকার একটি ইটভাটার সামনে থেকে ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে মেলান্দহ থানায় মামলা দায়েরের পর তাঁকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।