ডেইলি বাংলাগ্রাম

নাগরিক হিসেবে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

নাগরিক হিসেবে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। রবিবার (১৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উপজেলার প্রতিটি মন্দিরে এক মেট্রিক টন চাল ও পাঁচ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। এছাড়া রাস্তা ও ঘরহীন মন্দিরগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

বেতাগীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান চিফ হুইপ। মাদক, চাঁদাবাজি, দখলদারত্ব, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে তিনি কঠোর হওয়ার নির্দেশ দেন। অপরাধী নিজ দল বিএনপির হলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন। এছাড়া স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং ডেঙ্গু মোকাবিলার বিষয়ে নির্দেশনা দেন তিনি। সার এবং বিভিন্ন কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দিয়ে সভায় অনুপস্থিত এক পৌর প্রকৌশলীকে শোকজের নির্দেশ দেন তিনি।

শিক্ষার মান যাচাই করে সেরা তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার কথাও জানান চিফ হুইপ। সভায় সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে ৩৭ জনের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। একই সঙ্গে আগামী এক বছরে ভালো কাজের জন্য নিজস্ব অর্থায়নে তিনজন সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। এর আগে তিনি বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে জুলাই স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন এবং কলেজ চত্বরে গাছ লাগান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।