ডেইলি বাংলাগ্রাম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির কাছে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির কাছে বিস্তারিত তথ্য ও ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। কোনো পূর্ব সূচনা বা আনুষ্ঠানিক বার্তা না দিয়ে এই দণ্ড কার্যকর করায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত জানতে গত রবিবার (১৮ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়।

গত ১৪ অক্টোবর (বুধবার) মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি ঢাকার নজরে আসে। শাস্তি কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দার কনস্যুলেটকে কোনো তথ্য জানায়নি রিয়াদ।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, আইনি প্রক্রিয়া এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে জবাব পাওয়ার পরই মরদেহ ফেরত আনা ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।