বাগদাদে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫২তম সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫২তম সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (১৮ অক্টোবর) এই পার্শ্ববৈঠকটি অনুষ্ঠিত হয়।
আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। একই সঙ্গে পর্যটন খাতের উন্নয়ন, বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো এতে স্থান পায়। এছাড়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
১৭ ও ১৮ অক্টোবর বাগদাদে আয়োজিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর আগে সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।