ডেইলি বাংলাগ্রাম

মনিপুরের কামজংয়ে ১৫টি কুকি বাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা, এলাকাছাড়া বাসিন্দারা

ভারতের মনিপুরের কামজং জেলার ছাসাদ গ্রামে শনিবার গভীর রাতে সন্দেহভাজন বন্দুকধারীরা অন্তত ১৫টি কুকি পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মনিপুরের কামজংয়ে ১৫টি কুকি বাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা, এলাকাছাড়া বাসিন্দারা

ভারতের মনিপুরের কামজং জেলার ছাসাদ গ্রামে শনিবার গভীর রাতে সন্দেহভাজন বন্দুকধারীরা অন্তত ১৫টি কুকি পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে বহু বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে কাছের জঙ্গল ও একটি সেনা ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এর আগে একই দিনে পৃথক এক গুলিবর্ষণে এক কুকি নাগরিক নিহত এবং চারজন আহত হন।

সহিংসতা নিয়ন্ত্রণে আনতে আসাম রাইফেলস, সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এবং কামজং জেলা পুলিশের একটি যৌথ দল মোতায়েন করা হয়েছে। মনিপুরের উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বেসামরিক নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি বাড়িঘর পোড়ানোর ঘটনাকে তিনি অসহনীয় অপরাধ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেন।

অন্যদিকে শনিবার রাতে কামজং জেলা সদরে অপর একটি পৃথক সংঘাতের ঘটনা ঘটে। কর্মকর্তাদের তথ্য মতে, সেখানে প্রতিদ্বন্দ্বী এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় তাংখুল নাগা সম্প্রদায়ের তিনজন বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।