সৌদির নিরাপত্তা ও সুরক্ষায় সব ধরনের সহায়তার ঘোষণা মিসরের
সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর।
সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর। রবিবার দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানী কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে আয়োজিত ওই উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সৌদি আরবের ওপর অব্যাহত হামলার ফলে তৈরি হওয়া আঞ্চলিক উত্তেজনা পর্যালোচনা করা হয়। রিয়াদের ওপর এমন আক্রমণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে পরিষদ। এছাড়া সৌদি আরবের নিরাপত্তা মিসর ও সামগ্রিক আরব বিশ্বের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংকট নিরসনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সভায় মিসরের পার্লামেন্ট স্পিকার, প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের শীর্ষ নীতিনির্ধারকেরা এতে অংশ নেন। জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান এবং সামরিক গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।