ডেইলি বাংলাগ্রাম

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিনটি পৃথক অভিযানে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে।

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিনটি পৃথক অভিযানে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে। গত ১৭ অক্টোবর শনিবার কোয়েটা, নুশকি এবং খুজদার জেলায় এসব গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, নিহত ব্যক্তিরা ভারতীয় মদদপুষ্ট 'ফিতনা আল হিন্দুস্তান' নামের গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পরিচালিত জাতীয় কর্মপরিকল্পনার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়।

কোয়েটার পাঞ্জপাই এলাকায় যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। নুশকি জেলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় তীব্র বন্দুকযুদ্ধের পর আরও দুজন নিহত হয় এবং সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া খুজদার জেলায় অপর এক অভিযানে একজন সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি প্রায় ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এলাকায় অবস্থানরত অন্যান্য সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান এখনো চলছে।

এই অভিযানের সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, বিদেশি পৃষ্ঠপোষক এবং তাদের স্থানীয় সহযোগীদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এক গবেষণা সংস্থার তথ্যমতে, গত জুলাইয়ে প্রদেশটিতে ৮৩টি হামলার ঘটনা ঘটেছিল, যা আগস্টে সাত শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৯টিতে পৌঁছায়।