ডেইলি বাংলাগ্রাম

মাদক অভিযানে প্রতিমন্ত্রীর অস্ত্র প্রদর্শন: তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানাল ডিবি

মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মাদক অভিযানে প্রতিমন্ত্রীর অস্ত্র প্রদর্শন: তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানাল ডিবি

মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এতে আইনের কোনো লঙ্ঘন হয়েছে কি না, তা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি জানান, বিষয়টি তদন্তের দায়িত্ব ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই সময় তার হাতে আগ্নেয়াস্ত্র থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, মাদক কারবারিদের সম্ভাব্য হামলার হাত থেকে আত্মরক্ষার জন্য তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা কিছু সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র যথাস্থানে রাখা হয়।

বিবৃতিতে ইশরাক হোসেন আরও উল্লেখ করেন, গেন্ডারিয়া, ঘণ্টিঘর, মুন্সিটেক ও করাতিটোলা এলাকায় মাদক সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়মিত অভিযোগ ছিল। গত জুনে সেখানে মাদক নিয়ে সহিংসতায় তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ প্রক্রিয়াধীন থাকায় এবং সামাজিক প্রতিরোধের অংশ হিসেবেই থানা-পুলিশের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানে চার থেকে পাঁচটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদসহ বিভিন্ন মাদক, ধারালো অস্ত্র ও টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ছয়জনকে আটক করে গেন্ডারিয়া থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।