ডেইলি বাংলাগ্রাম

ইসরায়েলে ২৭ অক্টোবরের নির্বাচন: নেতানিয়াহুর ভাগ্য ও ডানপন্থী রাজনীতির পরীক্ষা

আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা।

ইসরায়েলে ২৭ অক্টোবরের নির্বাচন: নেতানিয়াহুর ভাগ্য ও ডানপন্থী রাজনীতির পরীক্ষা

আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। ২০২৩ সালের ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার তিন বছর পর এই নির্বাচন হতে যাচ্ছে। বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ভোটের ফলাফলই ঠিক করে দেবে দেশটি স্থায়ীভাবে কট্টর ডানপন্থী জাতীয়তাবাদের দিকে যাবে কি না।

২১ অক্টোবর ৭৭ বছরে পা দিতে যাওয়া নেতানিয়াহু বিচ্ছিন্নভাবে ১৯ বছরেরও বেশি সময় ধরে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গাজা ধ্বংসস্তূপে পরিণত করা, লেবাননের অংশবিশেষ দখল এবং ইরানে হামলার মতো বহুপাক্ষিক যুদ্ধের নেতৃত্ব দিয়ে তিনি নতুন মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। তবে গাজায় সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে এবং নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হয়েছেন। পাশাপাশি কট্টর ধর্মীয় দলগুলোর সঙ্গে মিত্রতা এবং পশ্চিম তীরে বিতর্কিত বসতি সম্প্রসারণ নিয়ে দেশের ভেতরেও তীব্র বিভাজন তৈরি হয়েছে।

নির্বাচনে নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। আইজেনকোট এবং অন্যান্য বিরোধী নেতারা ৭ অক্টোবরের হামলা ঠেকাতে নেতানিয়াহুর ব্যর্থতাকে সামনে আনছেন। গাজা যুদ্ধে নিজের ছেলেকে হারানো আইজেনকোট জয়ী হলে তিনিই হবেন মধ্যপ্রাচ্য বংশোদ্ভূত প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকায় নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।