ডেইলি বাংলাগ্রাম

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরায়েলকে কঠোর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রের

অধিকৃত পশ্চিম তীরে উগ্র বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে ইসরায়েলকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরায়েলকে কঠোর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রের

অধিকৃত পশ্চিম তীরে উগ্র বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে ইসরায়েলকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার সাংবাদিকদের এ কথা জানান। সেখানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলীর দৃশ্য অত্যন্ত উদ্বেগজনক বলে তিনি উল্লেখ করেন। এই ধরনের সহিংসতা কঠোর হাতে দমন করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ক্রমাগত চাপ দিচ্ছে বলেও তিনি জানান।

সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার সময় মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হেইডি লেভিন শারীরিকভাবে আক্রান্ত হন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এলো। শুক্রবারের ওই ঘটনায় লেভিনসহ অন্তত দুজন আহত হন। এছাড়া সেখানে ইউরোপীয় কূটনীতিক এবং একজন ফরাসি মেয়রও হামলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী।

উজবেকিস্তানে যাওয়ার আগে রুবিও জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর খোঁজখবর নিচ্ছে। রবিবার নাগাদ জেরুজালেমের মার্কিন দূতাবাসের কাছ থেকে তারা এ বিষয়ে তথ্য পাওয়ার আশা করছেন। এদিকে ইসরায়েলি পর্যবেক্ষক সংস্থা 'ইয়েস দিন' জানিয়েছে, বার্ষিক জলপাই আহরণ শুরুর সময় অর্থাৎ গত ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীরা অন্তত ১৭০ বার হামলা চালিয়েছে।