ডেইলি বাংলাগ্রাম

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান

নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধের কারণ দেখিয়ে ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তান।

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করল পাকিস্তান

নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধের কারণ দেখিয়ে ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তান। শনিবার দেশটির গাব্দ-রিমদান ও তাফতান সীমান্ত দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে শুক্রবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৩ অক্টোবরের বাণিজ্য সংক্রান্ত আদেশটি অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দেয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শাহিদ রিন্দ জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং শিগগিরই সীমান্ত পুনরায় খুলে দেওয়া হতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এটিকে সাময়িক ও 'কারিগরি সমস্যা' উল্লেখ করে বলেন, সমস্যা সমাধানে উভয় দেশ আলোচনা অব্যাহত রেখেছে। তবে পণ্য পরিবহন বন্ধ থাকলেও রিমদান-গাব্দ পথ দিয়ে সাধারণ যাত্রী পারাপার চালু রয়েছে।

সীমান্ত বন্ধ থাকায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে, যেগুলোতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), চাল ও তাজা ফল রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের নতুন করে আমদানি-রপ্তানি আদেশ না দেওয়ার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, গাব্দ-রিমদান সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় চার হাজার টন এলপিজি পাকিস্তানে প্রবেশ করত। ফলে দীর্ঘ সময় সরবরাহ বন্ধ থাকলে করাচিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এলপিজির তীব্র সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।