পাকিস্তানে প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় আক্রান্ত: জাতীয় জরিপ
পাকিস্তানে প্রাপ্তবয়স্ক প্রতি তিনজন মানুষের মধ্যে প্রায় একজন মানসিক ও আচরণগত সমস্যায় ভুগছেন।
পাকিস্তানে প্রাপ্তবয়স্ক প্রতি তিনজন মানুষের মধ্যে প্রায় একজন মানসিক ও আচরণগত সমস্যায় ভুগছেন। দেশটির প্রথম জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চারটি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্কের ওপর গবেষণাটি পরিচালিত হয়। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত পাঁচ বছর মেয়াদি এই গবেষণায় দেখা গেছে, বর্তমানে ৩২ শতাংশ মানুষ মানসিক ব্যাধিতে আক্রান্ত। এছাড়া ৩৮ শতাংশ মানুষ জীবদ্দশায় কোনো না কোনো সময়ে মানসিক সমস্যায় ভুগেছেন।
জরিপের ফলাফল অনুযায়ী, প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিটিএসডিতে ভুগছেন। দশজনেরও বেশি মানুষের মধ্যে একজনের বিষণ্ণতা রয়েছে। পাশাপাশি ছয় শতাংশ মানুষ বিগত মাসে আত্মহত্যার চিন্তা করার কথা জানিয়েছেন। বয়োবৃদ্ধ, স্বল্প শিক্ষিত, নিম্ন আয়ের ব্যক্তি, বেকার এবং বিধবা, তালাকপ্রাপ্ত বা বিচ্ছিন্ন ব্যক্তিদের মধ্যে এই সমস্যার হার বেশি পাওয়া গেছে। মানসিক স্বাস্থ্য সমস্যা মানুষের পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক এবং কর্মক্ষমতায় বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করছে।
করাচির হামদার্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজা-উর-রহমানের নেতৃত্বে এই জরিপ পরিচালিত হয়। এতে পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর পাশাপাশি যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুল এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার গবেষকরা যুক্ত ছিলেন। পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতি অধ্যাপক ওয়াজিদ আখুন্দজাদা জানান, দেশটিতে দক্ষ পেশাজীবী ও বিশেষজ্ঞ সেবার মারাত্মক সংকট রয়েছে। গবেষকেরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক চিকিৎসাকে অন্তর্ভুক্ত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।