গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত
মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কন্যাশিশু নিহত হয়েছে।
মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কন্যাশিশু নিহত হয়েছে। রোববার মাগাজি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে মিসক হাজেম আল-দালু নামের ওই শিশুটি গুরুতর জখম হয় এবং পরে তার মৃত্যু হয়।
একই দিন দক্ষিণ গাজার রাফাহর আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করেও ইসরায়েলি সামরিক যান থেকে ভারী গুলি ছোড়া হয়। এছাড়া খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলেও কামান থেকে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা লঙ্ঘন করে এসব হামলা চালানো হচ্ছে।
যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১ হাজার ৫১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধে নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জনে।