দেশের সংকট নিরসনে সরকার কাজ করছে: রিজভী
দেশের বর্তমান সংকট কাটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
দেশের বর্তমান সংকট কাটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করতে সরকারপ্রধান নির্দেশনা দিয়েছেন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নিজে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। রোববার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, নানা পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত এই সংগঠনের প্রধান লক্ষ্য মানবকল্যাণ। করোনা মহামারি, হামের প্রকোপ এবং সিলেট ও উত্তরাঞ্চলের বন্যার মতো সংকটময় পরিস্থিতিতে সংস্থাটি মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা এবং পা হারানো ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজনের মানবিক উদ্যোগও তারা নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সেবামূলক কাজের পরিধি আরও বাড়বে। একই সঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ নেই। মানুষের সেবাই এর একমাত্র উদ্দেশ্য। এছাড়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সামাজিক উন্নয়ন ও মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করার নানা কর্মসূচি তুলে ধরতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন।